Sylhet Today 24 PRINT

শাবিতে পড়ার সময় আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন অয়ন

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৭

প্রায় দেড় বছর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন সংগঠনটির আইটি প্রধান আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক।

মঙ্গলবার (২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের তিনটি বিভাগ রয়েছে মেজর জিয়ার সহযোগিতা ও তত্ত্বাবধানে। এর মধ্যে সামরিক বিভাগের আইটি প্রধান হিসেবে কাজ করতো অয়ন।

তিনি বলেন, এর আগে রাজধানীর উত্তরায় ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে সে অংশ নেয়। পরবর্তীতে উত্তীর্ণ হয়ে আইটি প্রধান হিসেবে নিযুক্ত হয়।

সিটিটিসি প্রধান বলেন, অয়ন ব্লগারদের আইডি হ্যাক করে তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে টার্গেট চিহ্নিত করণের কাজে জড়িত ছিল। অয়নের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। নিম্ন আদালতে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

সোমবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার নর্দা এলাকা থেকে অয়নকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.