Sylhet Today 24 PRINT

তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের জেলা জজ আদালত।

মঙ্গলবার (২রা মে) ২০১৫ সালের দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় জয়দেবপুর থানায়।

গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় এলে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ জোগান ও উসকানি দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেন। সেখানে থেকেই গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ২০১৫ সালের ২১ জানুয়ারি জেলার হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রলবোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেছেন। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

ওই মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট পুলিশ তারেক রহমান, তাঁর সহযোগী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিসহ বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর দীর্ঘদিন মামলা চলাকালে আসামিরা পলাতক থেকে আদালতে হাজিরা দেননি। এ কারণে আজ আদালত তারেক রহমান, লুৎফর রহমান বাদল ও মঞ্জুরুল আহসান রনিসহ নয়জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.