Sylhet Today 24 PRINT

অয়নের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৭

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সামরিক বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান অয়নের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২রা মে) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, অয়নের পুরো নাম আশফাক-উর-রহমান ওরফে অয়ন। আরিফ বা অনীক নামেও তিনি পরিচিত। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান পলাতক মেজর (চাকরীচ্যুত) সৈয়দ মো. জিয়াউল হকের ঘনিষ্ঠ সহযোগী। সোমবার (১লা মে) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার নর্দ্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্র জানায়, তাঁকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছিল। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

অয়নকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার দুপুরের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে কাউন্টার টেররিজম ইউনিট।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, এবিটির সামরিক বিভাগের আইটি শাখার প্রধান অয়ন। তিনি চাকরীচ্যুত ও পলাতক সেনা কর্মকর্তা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী। কয়েক মাস আগে ঢাকার বাইরে জিয়ার সঙ্গে অয়নের দেখা হয়। দুই মাস আগেও তাঁদের মধ্যে যোগাযোগ হয়েছিল।

মনিরুল ইসলাম বলেন, অয়নেরর কাছ থেকে ল্যাপটপ, মোবাইল সেট, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের জিহাদি প্রবন্ধ, আল-কায়েদা আরব উপদ্বীপের নেতা ইয়েমেনের আনোয়ার আল আওলাকির বক্তব্য ও ব্লগার হত্যার প্রশিক্ষণের বিষয়বস্তু উদ্ধার করা হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, অয়নকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নের সময় এবিটিতে যোগ দেন। ২০১৫ সালে সংগঠনের সামরিক বিভাগের আইটি শাখার প্রধান হন।

২০১৫ সালের মে মাসে এবিটিকে নিষিদ্ধ করে সরকার। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এবিটি আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে। সংগঠনটির হামলার মূল লক্ষ্য মুক্তচিন্তার অনুসারী, ব্লগার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ব্লগার হত্যার দায় স্বীকার করা ‘আনসার আল ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের নতুন নাম। এই জঙ্গিগোষ্ঠীর সামরিক শাখার প্রধান চাকরীচ্যুত ও পলাতক সেনা কর্মকর্তা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.