সিলেটটুডে ডেস্ক | ০৪ মে, ২০১৭
হাওরাঞ্চলে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় এক বছর বন্ধ রাখতে দেশের ছোট-বড় সব এনজিও’র প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ মে) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এই অনুরোধ জানানো হয়েছে।
বৈঠক শেষে বেলা ১২টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মন্ত্রী জানান, সরকার এই বছর হাওর অঞ্চলে এক বছরের জন্য কৃষিঋণ মওকুফ করেছে। তবে এনজিওগুলো দুর্যোগের মধ্যেই ক্ষুদ্র ঋণের কিস্তি উঠাচ্ছে।
তিনি জানান, হাওরাঞ্চলে পানি বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পানি নেমে না যাওয়া পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আগামী জুলাই পর্যন্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে সাহায্য পাবেন। আগে ৩ লাখ ৩০ লাখ মানুষকে ত্রাণ দেওয়া হতো। এখন আরও ৫০ হাজার জেলে পরিবার এর সঙ্গে যুক্ত হচ্ছে। হাওরে পানি আসার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি নেমে যাওয়ার পর কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করতে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎ বিল আদায় এক বছর স্থগিত রাখা যায় কিনা, সে ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে।