Sylhet Today 24 PRINT

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি : চার কর্মকর্তাকে দুদকে তলব

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৭

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানিসম্পদ মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সেখানে তলব করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই চার কর্মকর্তা হলেন, পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান।

সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাউবোকে প্রতিবেদন দাখিল করতে বলা হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে।

দুদকের জানায়, ওই চার কর্মকর্তা গত বছর নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। তাঁরা এ বছর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছেন। এর কারণ জানতে এই চারজনকে আজ দুদক কার্যালয়ে তলব করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের পরিচালক বেলাল হোসেন সেগুনবাগিচার কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.