Sylhet Today 24 PRINT

হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্ক ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ’ গড়বে: ইইউ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৭

ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ’ গঠনে সহায়ক বলে উল্লেখ করে একে ইতিবাচক হিসেবেই দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার ইউরোপ দিবস উপলক্ষে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মায়াদন বলেন, হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়টি মূল্যায়ন করবে দেশের নাগরিক সমাজ। তবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ থাকা জরুরি। আর অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্ভর করে কিছু দীর্ঘমেয়াদী বিষয়ের ওপর। যেগুলো বাংলাদেশের আর্থ-সামাজিক ও উন্নয়নকে এগিয়ে নেবে।

মায়াদান বলেন, সমাজের বিভিন্ন অংশ, যারা হয়ত আড়ালেই থাকত। সমাজের কোনো পক্ষকেই দূরে সরিয়ে রাখা উচিত না। এর কার্যকারিতাও আমাদের দেখতে হবে।তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ আমি মনে করি ইতিবাচক।

ইইউ সম্পর্ক নিয়ে মায়াদন বলেন, ইইউ অনেক নমনীয় একটি প্রতিষ্ঠান। ইইউ প্রতিষ্ঠার আগেও তা নিয়ে বিতর্ক ছিল। আমরা এতে অভ্যস্ত, একে গ্রহণ করি এবং স্বাগত জানাই। ইইউর নীতি বাস্তবায়নের পথ পুনর্গঠনে এটি আমাদের সহায়তা করে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি ইতিবাচক অর্জন হচ্ছে নারীর ক্ষমতায়ন। ইউরোপীয় ইউনিয়নে শুল্ক ও কোটামুক্ত সুবিধার ফলে এখানে পোশাক শিল্প বেড়ে উঠেছে এবং কয়েক লাখ নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে ইইউ’র সম্পর্কেরও প্রশংসা করে মায়াদন বলেন, আমরা যখনই সরকারের সঙ্গে কথা বলতে চেয়েছি আমাদের ফিরিয়ে দেয়া হয়নি। বরং কথা বলার জন্য কাউকে না কাউকে পেয়েছি, যিনি সবসময় আমাদের আশ্বস্ত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.