Sylhet Today 24 PRINT

১৫ মে থেকে টিসিবির পণ্য বিপণন শুরু, ৫ পণ্যের মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০১৭

আসছে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টিসিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা ও খেজুর ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে আগামী ১৫ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এবার সারা দেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩০টি, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং জেলা শহরগুলোতে দুটি করে ট্রাকের মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি করা হবে।

এছাড়াও টিসিবি তাদের ওয়েবসাইটে বিপণন প্রক্রিয়া সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ বছর প্রতি ট্রাকে বরাদ্দ থাকবে চিনি ৩০০ থেকে ৪০০ কেজি, ছোলা ৩০০ থেকে ৪০০ কেজি, মসুর ডাল ২৫০ থেকে ৩০০ কেজি, সয়াবিন তেল ৩০০ থেকে ৪০০ কেজি এবং খেজুর ২০ থেকে ৩০ কেজি।

ঢাকায় ৩০টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরগুলোতে ২টি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।

এছাড়া টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও ২ হাজার ৮১১ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা পণ্য কিনতে পারবে।

একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.