সিলেটটুডে ডেস্ক | ১০ মে, ২০১৭
রাজধানীর বনানীর একটি হোটেলে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ হয়েছে। সমাবেশে ঐ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীবৃন্দ’।
বুধবার বিকেলে শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সঞ্চালক রবিন আহসান বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি তাদের গ্রেপ্তার না করা হয়, তাহলে শাহবাগ থেকে বনানী পর্যন্ত অভিযাত্রা করবেন তারা। তারা বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই অভিযাত্রায় সাধারণ মানুষকে অংশ নেয়ার আহ্বান জানানো হয় সমাবেশে।
কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, শুধু ধর্ষকদের বিচার চাইলে হবে না। যেসব পুলিশ ধর্ষণের ঘটনায় মামলা নিতে গড়িমসি করে তাদেরও বিচার চাইতে হবে।
আহসান হাবিব আরও বলেন, আমার বাবা একজন পুলিশ ছিলেন, আমি জানি, পুলিশ চাইলে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধমুক্ত করতে পারে। আশা করছি দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
সংগঠক সঙ্গীতা ঈমাম বলেন, শুধু সমাজ ব্যবস্থাকে দায়ী করলে হবে না। এ ধরণের ধর্ষণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, যথেষ্ট হয়েছে- এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি মেনে নেয়া যায় না। আমাদের অসুস্থ মানসিকতা দূর করতে হবে। প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতপা ভট্টাচার্য বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন করা দরকার। আপনাদের প্রতি দাবি একটাই পুরুষ থেকে মানুষ হোন। পাশে দাঁড়ানো মেয়েটাকে মা কিংবা বোন ভাবার দরকার নেই অন্তত চাহনি পরিবর্তন করুন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ওই হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই দুই তরুণী। ধর্ষকরা ধর্ষণের চিত্র ভিডিও করে। এমনকি নানা ধরনের হুমকিও দেয়। প্রাণের ভয়ে প্রায় দেড় মাস চুপ থেকে দুই তরুণী গত ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগ করতে গেলে থানা পুলিশ দীর্ঘ ৪৮ ঘণ্টা পর ৬ মে অভিযোগ গ্রহণ করে।