নিউজ ডেস্ক | ০৯ মে, ২০১৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অবিলম্বে সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন কিংবা যেখান থেকে তুলে নিয়েছেন সেখানেই রেখে আসুন। সালাহ উদ্দিনের কিছু হলে পরিণতি ভাল হবে না।
গুলশান কার্যালয়ে কর আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে খালেদা জিয়া আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ সব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আগামীকাল সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার দুই মাস পূর্ণ হতে যাচ্ছে। আমরা এখনো সালাহ উদ্দিনকে পাইনি। সালাহ উদ্দিন র্যাবের কাছেই আছে।
পেট্রোলবোমা হামলা সরকারদলীয় লোকজনের কাজ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা পেট্রোলবোমার সঙ্গে জড়িত নই। আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত। বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য পুলিশ প্রহরায় তারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে।