Sylhet Today 24 PRINT

ধর্ষকদের বিচারের দাবিতে বৃহস্পতিবার টিএসসি’তে ছাত্র-জনতার অবস্থান

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০১৭

বনানীতে ধর্ষণে জড়িত অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট'।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যে ছাত্র-জনতার এ অবস্থান কর্মসূচি পালিত হবে। সংগঠনের আহবায়ক শিবলী হাসান বুধবার কর্মসূচি ঘোষণা করেন।

শিবলী হাসান বলেন, মূলত বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। কি পাহাড়ে কি সমতলে সবখানে আজ নারীরা নির্যাতনের শিকার হলেও রাষ্ট্র নির্বিকার। কিছুদিন আগে বনানীতে ধর্ষণের ঘটনায় ধর্ষক সাফাত, নাঈম, সাকিফের ধর্ষণ এবং পরবর্তী সময়ে তাদের পরিবারের বক্তব্য এটা প্রমাণ করে যে তারা আইনকে বৃদ্ধাঙুলি দেখাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহস তারা পান কোথা থেকে?

তিনি প্রশ্ন রেখে বলেন, রাষ্ট্রের নীরব ভূমিকাই কি আজকের এই অবস্থার জন্য দায়ী না!

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন পূর্বেও যৌন নিপীড়নের সর্বোচ্চ শাস্তি এবং আইন সংশোধনের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলো কিন্তু সেই দাবী আজ অবধি পূরণ না হওয়াতে ক্ষোভ প্রকাশ করে শিবলী হাসান বলেন, 'ধর্ষকদের প্রতি রাষ্ট্রের এক ধরণের নমনীয়তাই ধর্ষণে উৎসাহ যোগাচ্ছে।'

এ গণ অবস্থান থেকেই দেশব্যাপী পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.