Sylhet Today 24 PRINT

রাজশাহীতে জঙ্গিদের ছোঁড়া বোমায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৭

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাছমারা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় পুলিশের অভিযানের সময় জঙ্গিদের ছোঁড়া বোমা বিস্ফোরণে ফায়ার সার্ভিস সদস্য মতিউর রহমান মারা গেছেন।

বৃস্পতিবার (১১ মে) সকালে আহত হবার পর রাজশাহী সদর হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। 

রাজশাহী ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ভোর থেকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং পরে অভিযান শুরু করে। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুর মাছমারা বেনীপুর গ্রামের আল আমিন নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে পুলিশ।

ওসি আলম মুন্সী জানান, পুলিশ সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। ওই বাড়িতে আল আমিন ও তাঁর ভাই সোয়েব থাকেন করে বলে জানা গেছে। আজ সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়।

ওসি জানান, মাটির তৈরি বাড়িটির ভেতর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বাড়িটিতে একাধিক জঙ্গি রয়েছে বলে পুলিশের ধারণা ছিল।

অভিযানের সময় দুই পুলিশ সদশয আহত হয়েছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.