Sylhet Today 24 PRINT

যৌন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি ঘোষণা নির্দলীয় ছাত্রজোটের

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০১৭

রাজধানীর বনানীতে “দ্য রেইন ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ অভিযুক্তদের বিচারের দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট- এর পক্ষ থেকে আয়োজিত গণঅবস্থান থেকে দেশব্যাপী বিভাগীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিপীড়নের বিরুদ্ধে কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। কর্মসূচির দেন ছাত্র জোটের আহবায়ক শিবলী হাসান।

দেশের আটটি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ মে শনিবার থেকে ২৩মে পর্যন্ত ময়মনসিংহ বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার কর্মসূচী পালন করবে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট। একই সময়ে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলবে এই কার্যক্রম।

ধর্ষকের পক্ষ নিয়ে কথা বলা আপন জুয়েলার্স এর মালিককে কেনো এখনো ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বহিষ্কার করা হচ্ছে না এই নিয়েও প্রশ্ন তুলেন সংগঠনের আহবায়ক শিবলী হাসান।

যৌন নিপীড়নের শিকার হওয়া একজন নারীর চরিত্র নিয়ে সোশাল মিডিয়াতে যে ভয়াবহ নোংরামি শুরু করে একদল তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ধর্ষকদের বিচারের প্রেক্ষিতে সুনির্দিষ্ট ৪টি দাবী নিয়ে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। দাবিগুলো হলো-
১. বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা
২. ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড
৩. ১৫৫(৪) সংশোধন, ধর্ষিতাকে নয় বরং ধর্ষককে জেরা করতে হবে
৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠনের মাধ্যমে নিপীড়িত নারীর জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরীন।

বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য খান আসাদুজ্জামান মাসুম, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, আকরামুল হক, অরণ্য শাকিল ও নবেন্দু জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.