Sylhet Today 24 PRINT

আপন জুয়েলার্সের মালিকের সকল লেনদেনের হিসাব চেয়ে চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৭

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দেশে-বিদেশে অবস্থিত সকল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসেব চেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ নির্দেশনা জারি করেন এবং বাংলাদেশ ব্যাংকে পাঠান।

ড. মইনুল খান জানান, "আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের লেনদেন স্বচ্ছ নয়। তার একাধিক অপরাধের বিষয়ে আমরা আগে থেকেই তদন্ত করছি। বাংলাদেশ ব্যাংক থেকে লেনদেনের হিসাব নিয়ে ‍তিনি স্মাগলিং কিংবা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কিনা এগুলো খুঁজে দেখা হবে।"

তিনি বলেন, "আমাদের তদন্তে যদি দিলদার আহমেদের কোনো অনিয়ম ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। দিলদার আহমেদের শুধু দেশেই না বিদেশেও যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলোর লেনদেন সংক্রান্ত সব তথ্যও উদঘাটন করা হবে।"

গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় বনানীতে ধর্ষন মামলার আসামি শাফাত আহমদ ও সাদমান সাকিফকে। তাদের ঢাকায় নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। শাফাত ও সাদমানকে আজ (শুক্রবার) ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়া হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.