Sylhet Today 24 PRINT

শিক্ষার্থী ধর্ষণ মামলা, বনানী থানার ‘অবহেলা’ খুঁজতে কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৭

রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় বনানী থানার কর্তব্যে কোনো ‘অবহেলা’ আছে কি না তা খুঁজতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এ তথ্য জানিয়েছেন।

গঠিত কমিটিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারকে (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) প্রধান করা হয়েছে। এ ছাড়া বাকি দু’জন হলেন, মহানগর গোয়েন্দার (ডিবি) যুগ্ম কমিশনার ও ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম)।

কৃষ্ণ পদ রায় বলেন, ভিকটিমরা যে সব অভিযোগ করেছে সেগুলো বিষয়ে তদন্ত করে গঠিত কমিটির কর্মকর্তারা প্রতিবেদন দেবেন।

প্রসঙ্গত, বনানীর ঘটনায় ভিকটিমদের অভিযোগ ছিল মামলা করতে এসে তারা আরেক ধর্ষণের (প্রতীকী) শিকার হয়েছেন। ওসি মামলা না নিয়ে নিজ মোবাইলে তাদের ছবি তুলে রাখেন এবং ৪৮ ঘণ্টা বিলম্ব করেছে।

এদিকে বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের প্রধান আসামি শাফাত আহমেদ ও আরেক আসামি সাদমান সাকিফকে বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে সিলেটে গ্রেপ্তার করা হয়। শাফাত ও সাদমান সিলেটে আত্মীয়ের সহোযোগীতায় মদিনামার্কেট  পয়েন্ট সংলগ্ন এক বাসায় আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত শাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.