Sylhet Today 24 PRINT

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’: রাব্বির বিরুদ্ধে সমন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০১৭

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হেফাজতের করা মামলায় রফিউর রাব্বীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাকে ২৫ মে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত শুনানি শেষে এ আদেশ দেন।

৫ মে রফিউর রাব্বিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেদিন আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রোববার ১৪ মে শুনানির দিন ধার্য করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, আদালতে রোববার দুই পক্ষ ও তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসানের উপস্থিতিতে শুনানি হয়। পরে আদালত ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে আসামি রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।’

প্রসঙ্গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা আদালত গ্রহণ করে ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। তবে গত ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে। ডিবির প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন।

রফিউর রাব্বি বলেন, ‘যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখের শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ করতো না।’

মামলায় বাদী অভিযোগ করেন, রাব্বির সেই বক্তব্যে বাদীসহ সারা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.