Sylhet Today 24 PRINT

হাওর বিষয়ে জবাবদিহির জন্য পাউবোকে সময় বেঁধে দিল দুদক

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ মে, ২০১৭

হাওরসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডকে ৩ মাসের সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত ১৯ এপ্রিল থেকে কাজ শুরু করেছে দুদক। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

আগাম বন্যায় প্লাবিত সুনামগঞ্জসহ অন্যান্য জেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতি সংক্রান্ত অভিযোগে গত ২ মে পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর ৪ মে সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদে তারা অনিয়ম ও গাফিলতির কথা স্বীকারও করেন।

৮ মে দুদক অভিযোগ করে, সুনামগঞ্জে বাঁধ নির্মাণে ত্রুটির কথা পানি উন্নয়ন বোর্ডকে ১০ মাস আগে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। ফলে বন্যায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয় হাওর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.