Sylhet Today 24 PRINT

১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট : এসআই বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ মে, ২০১৭

রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় ১০ মাসের শিশু এবং এক মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে আরও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে পুলিশ সদর দফতর।

তারা হলেন- সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম ও ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন। পাশাপাশি মিরপুর জোনের ডিসি এবং এডিসিকে সতর্ক করা হয়েছে।

রোববার (১৪ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে, মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে।

বার্তায় আরো বলা হয়, তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিবিড়ভাবে মামলা তদারকির নির্দেশ দেয়া হয়েছে। আইজিপি এ কে এম শহীদুল হক এ নির্দেশ প্রদান করেছেন।

প্রসঙ্গত, ঢাকায় মারামারি আর চুরির অভিযোগে ১০ মাসের একটি শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিট দেয় পুলিশ। ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ২৮ দিন। গত ৩০ এপ্রিল ঢাকার আদালতে হাজির হয়ে জামিন নিতে হয় শিশুটিকে। শুধু তাই নয়, সেখানে একজন মৃত ব্যক্তির নামেও অভিযোগপত্র দেয়া হয়েছে, যিনি ২০১৩ সালেই মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.