Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান, সুইসাইডাল ভেস্ট উদ্ধার

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ মে, ২০১৭

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও করে রাখার পর অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে দুটি সুইসাইডাল ভেস্ট। 

সোমবার (১৫ মে) রাত ১২টা থেকে ওই দুটি বাড়ি ঘেরাও করে রাখা হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মূল অভিযান।

র‌্যাব জানায়, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য থাকার সন্দেহে ওই এলাকায় রেজাউল ইসলাম ও মো. সেলিমের বাড়ি ঘেরাও করে রাখার পর অভিযান চলছে।

র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মুনির আহমেদ জানান, গত ৭ মে ঝিনাইদহের বজ্রাপুর গ্রামে পুলিশের অভিযানে দুই জঙ্গি নিহত হন। এদের মধ্যে তুহিন নামে এক জঙ্গি ছিল। তুহিনের বড় ভাই সেলিম এবং তাদের চাচাতো ভাই রেজাউল।

অভিযানে একটি বাড়ি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। বিসিক শিল্পনগরী এলাকার সংলগ্ন ওই দুই বাড়ি অবস্থিত।

চলতি মাসের ৭ মে ঝিনাইদহের বজ্রাপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে দুই জঙ্গি নিহত হয়। পরদিন সদর উপজেলার লেবুতলার আরেকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই পাঁচ জঙ্গি নিহত হয়। জঙ্গিদের হামলায় নিহত হন ফায়ার সার্ভিসের এক সদস্য।

এর আগে ২২ এপ্রিলে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.