Sylhet Today 24 PRINT

সংবাদ সম্মেলন শেষ না করেই উঠে চলে গেল রেইনট্রি কর্তৃপক্ষ

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ মে, ২০১৭

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। সাংবাদিকরাও প্রস্তুত ছিলেন নিজেদের প্রশ্ন নিয়ে। কিন্তু সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টার দিকে বনানীর রেইনট্রি হোটেলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোটেলের অর্থায়নকারী হুমায়রা গ্রুপের মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, শাফাত-নাঈম চক্রের ঘৃণ্য অপরাধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রেইনট্রি হোটেল। তাদের বিশ্বাস, অপরাধীরা যে জঘন্য অপরাধ করেছেন, তার শাস্তি তাঁদের ভোগ করতেই হবে।

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ঝালকাঠি-১ আসনের সাংসদ বি এইচ হারুনের ছেলে ও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আদনান হারুন।

আদনান হারুন দাবি করেন, তাঁদের হোটেলটি সফট ওপেনিং পর্যায়ে আছে। এ সময় কিছু ভুলভ্রান্তি হতে পারে।

তিনি বলেন, ঘটনার দিন হোটেলের ৭০০ ও ৭০১ নম্বর স্যুইট ভাড়া নিয়েছিলেন শাফাত। এদিন রাত সাড়ে ১১টা পর্যন্ত হোটেলে অবস্থান করেছিলেন হোটেলের মহাব্যবস্থাপক ফ্র্যাঙ্ক ফরগেট। এই সময় পর্যন্ত তিনি অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেননি।

এর আগে অবশ্য হোটেল কর্তৃপক্ষ বলেছিল, ওই রাতে হোটেলে অস্বাভাবিক কিছু ঘটেনি। বাদী হোটেল কর্তৃপক্ষকে কোনো অভিযোগ করেননি। বরং পরদিন সকালে তাঁরা হাসতে হাসতে বেরিয়ে গেছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে আদনান হারুন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি কিছু বলবেন না।

ধর্ষণের শিকার দুই ছাত্রীর অভিযোগ অনুযায়ী, জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দিয়ে তাঁদের রেইনট্রি হোটেলে নেওয়া হয়েছিল। সেদিন শাফাতের জন্য তাঁর বন্ধু হোটেলের অন্যতম পরিচালক মাহির হারুন জন্মদিনের কেক পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আদনান হারুন বলেন, হোটেলের রীতি অনুযায়ী জন্মদিনে অতিথিকে কেক উপহার দেওয়া হয়। এখানে কোনো ব্যক্তি সম্পর্কের বিষয় নেই।

জন্মদিনের অনুষ্ঠান কতক্ষণ হয়েছিল- এই প্রশ্নের জবাবে আদনান হারুন বলেন, এ নিয়ে তিনি কিছু বলবেন না। বিষয়টি তদন্তাধীন। হোটেলে কোনো অপরাধ হয়েছে কি না, তা আদালতে প্রমাণিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নেরই উত্তর দেয়নি হোটেল কর্তৃপক্ষ। তদন্তাধীন বিষয় নিয়ে কেন সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এমন প্রশ্নে হোটেল কর্তৃপক্ষ চুপ থাকে। প্রশ্নের একপর্যায়ে কর্মকর্তারা উঠে চলে যান।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় আসামি শাফাত ও সাকিফকে। আর সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার হন শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আজাদ ওরফে রহমত আলী।

রোববার হোটেল রেইনট্রিতে অভিযান চালিয়ে ১০ বোতল মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দাদের একটি দল। এসবের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। এছাড়া হোটেল কর্তৃপক্ষের ভ্যাট ফাঁকি দেয়ার বিষয়টিও নজরে এসেছে গোয়েন্দা অভিযানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.