নিউজ ডেস্ক | ১০ মে, ২০১৫
একদিকে সীমানা বেষ্টনি, বাকি তিন দিকে পুলিশ! মেয়েটি একা, নিজেকে বাঁচানোর আর কোন পথ খোলা নেই। পুলিশ এগিয়ে আসছে লাথি দিতে; একজন নয়- একাধিক! এদিকে ভীত, আতঙ্কিত মেয়েটি দুই হাত উপরে তুলে রেখেছে আত্মসমর্পণের ভঙ্গিমায়। কিন্তু তবু থেমে থাকেনি পুলিশ। চালিয়েছে নির্যাতন; নারী নিপিড়নের প্রতিবাদ করতে গিয়ে এভাবেই নারী নির্যাতন হলো। পহেলা বৈশাখের যৌন নিপিড়নের পর এবার পুলিশের বুটের আঘাতে!
নারী নিপিড়নের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এবার লাঞ্চিত হলেন প্রতিবাদী নারীই। পহেলা বৈশাখের নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও কয়েকটি বাম সংগঠনের ‘পাল্টা আঘাত’ নামে বিক্ষোভ কর্মসূচির মিছিলে পুলিশের বেধড়ক পিটুনি, টিয়ারসেল ও জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে।
পহেলা বৈশাখের বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর যৌন নিপিড়নের ঘটনায় দেশব্যাপি প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠেছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংগঠনের শতাধিক নেতাকর্মী রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কার্যালয়ের দিকে যাত্রা করেন। পথে একাধিক স্থানে বাধা পেলেও দুপুর ১টার দিকে তারা মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ের কাছে পৌঁছান।
জানা যায়, মিন্টো রোডের মোড়ে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। প্রতিবাদকারীরা তা অতিক্রমের চেষ্টা করলে পুলিশের ব্যাপক পিটুনির শিকার হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। নারী নিপিড়নের প্রতিবাদ কর্মসূচিতে নারীসহ আহত হন অন্তত ২৫ জন।
নারীর ওপর যৌন নিপিড়নের প্রতিবাদ করতে গিয়ে এবার নারীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনা ঘটল।