Sylhet Today 24 PRINT

ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ মে, ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে জঙ্গি আস্তানা সেলিম ও প্রান্তর বাড়ি দুটিতে অভিযান চালিয়ে প্রান্তর বাড়ি থেকে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুর ২টার দিকে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

তিনি জানান, একই গ্রামে আরও দুটি বাড়িসহ ৫টি স্পট (কলা ও বাঁশ বাগান) চিহ্নিত করা হয়েছে। সেখানে এখন র‌্যাব সদস্যরা অভিযান চালাচ্ছেন।

র‍্যাব-৬ এর অধিনায়ক জানান, ওই দুটি বাড়ির মালিক সেলিম ও প্রান্তকে সোমবার রাতে ঝিনাইদহের চুয়াডাঙ্গা নামক গ্রাম থেকে আটক করা হয়। তারা দুজনেই নব্য জেএমবির সদস্য। সেলিম ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে এবং প্রান্ত একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সন্দেহভাজন ওই দুই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে খুলনা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় একটি আস্তানার পাশের বাঁশবাগান থেকে সক্রিয় দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টা থেকে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা নামক গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‌্যাব-৬। ওই দুই বাড়িতে জঙ্গি এবং বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে জানান র‍্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ।

চলতি মাসের ৭ মে ঝিনাইদহের বজ্রাপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে দুই জঙ্গি নিহত হয়। পরদিন সদর উপজেলার লেবুতলার আরেকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই পাঁচ জঙ্গি নিহত হয়। জঙ্গিদের হামলায় নিহত হন ফায়ার সার্ভিসের এক সদস্য।

এর আগে ২২ এপ্রিলে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.