Sylhet Today 24 PRINT

শাফাতের গাড়িচালক ও দেহরক্ষী রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ মে, ২০১৭

রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় শাফাতের ড্রাইভার বিল্লালকে ৪ দিন ও দেহরক্ষী রহমতকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন তাদের সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগ।

ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাতের দেহরক্ষী রহমতকে সোমবার রাতে গুলশান থেকে আর ড্রাইভার বিল্লালকে নবাবপুর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শুক্রবার মামলার প্রধান আসামি শাফাত আহমেদকে ৬ দিন ও তার বন্ধু সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার অপর আসামি নাইম আশরাফ এখনো পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় আসামি শাফাত ও সাকিফকে। আর সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার হন শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আজাদ ওরফে রহমত আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.