সিলেটটুডে ডেস্ক | ১৭ মে, ২০১৭
নারায়ণগঞ্জের আড়াইহাজারের চাঞ্চল্যকর চার খুন মামলায় ২৩ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহার এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় ১৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকী চার আসামি এখনো পলাতক রয়েছেন।
গত ৪ মে মামলার ওপর শুনানি শেষে বুধবার (১৭ মে) রায়ের জন্য দিন ধার্য করা হয়। ওইদিন রাষ্ট্রপক্ষ ও সব আসামির পক্ষ থেকে আইনজীবীদের যুক্তিতর্ক ও সাক্ষীদের জেরা শেষে আদালত মামলার প্রধান আসামি আবুল বাশার কাশুসহ ১৯ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে রায়ের দিন নির্ধারণ করেন।
জানা যায়, ২০০২ সালের ১২ মার্চ বিলুপ্ত সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুর নির্দেশে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই আ. বারেক, তার ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগ কর্মী ফারুক ও কবির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহত আ. বারেকের বাবা আজগর আলী মেম্বার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে ২১ জনকে সাক্ষী এবং ২৩ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এ ঘটনায় ২১ সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।