Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, ৩টি বোমা নিষ্ক্রিয়

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ মে, ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দু’টি সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব।

বুধবার (১৭ মে) দ্বিতীয় দিনে অভিযান শেষে মোট তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে র‌্যাবের কমান্ডো বাহিনী ও বোমা নিষ্ক্রিয় দল অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়।

এ অভিযানে ঢাকা থেকে আগত র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লে.কর্ণেল মাহমুদ, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম সহ ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ অংশ নেন।

গতকাল মঙ্গলবারের অভিযানে ওই আস্তানা থেকে দু’টি সুইসাইডাল ভেস্ট, ৫টি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বিপুল পরিমান বোমা তৈরির ১৮৬ টি সার্কিট ও ১টি এন্টি মাইন উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার চুয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। প্রথম দিকে র‌্যাব দু’টি জঙ্গি আস্তানার সন্ধান পেলেও পরে অভিযান চলাকালে পর্যায়ক্রমে সেখানে আরো ৩টি জঙ্গি আস্তানার সন্ধান পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.