Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার নাঈম আশরাফও

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ মে, ২০১৭

বনানীতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনার অন্যতম আসামি আব্দুল হালিম ওরফে নাঈম আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ধর্ষণ মামলায় নাঈম দুই নম্বর আসামি।

বুধবার (১৭ মে) রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের টঙ্গীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ মে আলোচিত এই মামলার অন্যতম দুই আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত সোমবার এ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ও র‍্যাব। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে শাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ও পুরান ঢাকা এলাকা থেকে শাফাতের গাড়িচালক বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ায় ৬ মে বনানী থানায় মামলা হয়। ধর্ষণের শিকার এক ছাত্রী শাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করেন।

পরে আদালতে দেওয়া জবানবন্দিতে ওই দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয়। শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানীর ২৭ নম্বর রোডের দ্য রেইনট্রি হোটেলে নিয়ে যান। হোটেলে যাওয়ার আগে দুজনই জানতেন না সেখানে পার্টি হবে। এ সময় তাদের সঙ্গে শাহরিয়ার নামের এক বন্ধু ছিলেন। তাদের বলা হয়েছিল, এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে। হোটেলে যাওয়ার পর শাফাত ও নাঈমের সঙ্গে তারা আরও দুই তরুণীকে দেখেন। পরিবেশ ভালো না লাগায় শাহরিয়ারসহ দুই তরুণী চলে আসতে চেয়েছিলেন। তখন আসামিরা শাহরিয়ারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং তাকে মারধর করেন। এরপর দুই তরুণীকে অস্ত্রের মুখে একটি কক্ষে নিয়ে যান। ধর্ষণ করার সময় শাফাত গাড়িচালককে ভিডিও চিত্র ধারণ করতে বলেন। আর নাঈম তাদের মারধর করেন। তারা এ ঘটনা জানিয়ে দেবেন বলে জানানোর পর শাফাত তার দেহরক্ষীকে ওই দুই তরুণীর বাসায় তথ্য সংগ্রহের জন্য পাঠান। লোকলজ্জার ভয়ে মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন আসামিরা। তাদের কথামতো না চললে বা এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। তাকে ও তার বন্ধু রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফকে সিলেট থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.