Sylhet Today 24 PRINT

এবার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে নরসিংদীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

সিলেটটুডে ডেস্ক  |  ২০ মে, ২০১৭

ফাইল ছবি

জঙ্গি আস্তানা সন্দেহে এবার নরসিংদীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

শনিবার (২০মে) বিকেল ৪টার দিকে শহরতলীর গাবতলী এলাকায় ওই বাড়ি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জঙ্গি সন্দেহে ওই বাড়িটি বিকেল থেকে ঘিরে রাখা হয়েছে। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে।'

তিনি আরও বলেন, ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাব জানায়, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা।

তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও মুখ খুলছেন না সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.