Sylhet Today 24 PRINT

সরিয়ে দেয়া হলো ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল আলমকে

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ মে, ২০১৭

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় আহসানুল আলম উপস্থিত ছিলেন না।

এখন থেকে ব্যাংকটিতে একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। তিনি হলেন আল রাজি গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল-রাজি। ।

সভা শেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এসব কথা জানান।

এ ছাড়া সভায় সৌদি আরবভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ইসলামী ব্যাংক থেকে তাদের অধিকাংশ বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের সাড়ে ৭ শতাংশ শেয়ার থেকে ৫ দশমিক ৪ শতাংশ বিক্রি করবে আইডিবি।

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হওয়ায় সাধারণ শেয়ার হোল্ডারদের অল্প কিছুসংখ্যক উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।

ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে গত ৫ জানুয়ারি। এরপর থেকে ব্যাংকটিতে নানা পর্যায়ে অস্থিরতা দেখা যায়। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি গত ৩০ মার্চ পরিচালনা পর্ষদের সভায় শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তখন থেকে ব্যাংকটিতে আবারও মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.