নিউজ ডেস্ক | ১০ জানুয়ারী, ২০১৫
কামরুল হাসান নামের এক ব্যক্তি নিজেকে বিএনপির সদস্য দাবি করে নতুন বিএনপির ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন শীঘ্রই শীর্ষ নেতাদের নিয়ে নতুন বিএনপির যাত্রা শুরু হবে । আর এই নতুন বিএনপিতে জায়গা হবে না খোদ দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ।
বিএনপির বর্তমান এই দুই নেতৃত্ব দলকে জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে ঠেলে দিচ্ছেন অভিযোগ করে জিয়াউর রহমানের ‘আদর্শের বিএনপিকে’ তৈরি করাই তাদের মূল লক্ষ্য এমন ঘোষণা দেন ।
সারা দেশে বিএনপির লাগাতার অবরোধের মধ্যে শুক্রবার গুলশানের লেকসো হোটেলে এক সংবাদ সম্মেলনে কামরুল হাসান বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমানের পরিচালিত বিএনপি অবৈধ। তারা শহীদ জিয়ার আদর্শ থেকে দূরে সরে গেছেন। তাদের অযাচিত কর্মকাণ্ডে দলটিকে এখন রাজনৈতিক অপশক্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে।
“এ থেকে উত্তরণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নবযাত্রা শুরু করা হল। এটাই হবে আসল বিএনপি।”
দলের নতুন যাত্রার অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন কামরুল হাসান নাসিম। ১৪ জানুয়ারি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরারও ঘোষণা দেন ‘নতুন বিএনপির’ এই নেতা।
তার এই ঘোষণার পর সমাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে মুখরোচক আলোচনার পাশাপাশি গুঞ্জনও শুরু হয়েছে ।
কামরুল হাসান বলেন, স্বল্প সময়ের মধ্যে শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘আসল বিএনপিকে’ দেখা যাবে।
রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে তবে কি , বিএনপিতে দেখা দিতে যাচ্ছে নতুন কোন ভাঙন? কারা সেই শীর্ষস্থানীয় নেতা যারা একই মত ধারন করেন? চলমান আন্দোলনে বিএনপির অনেক শীর্ষ নেতাকেই অবশ্যই নিরব থাকতে দেখা যাচ্ছে তবে সেটা নতুন বিএনপি করবেন বলে নাকি গ্রেফতার আতঙ্কে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না ।
তবে সামাজিক মাধ্যমে বেশিরভাগই , কামরুল হাসান নাসিমের এসব বক্তব্যকে হাস্যরসের মাধ্যমে উড়িয়ে দিয়ে বলেছেন - আলোচনার আসার জন্য এসব কর্মকান্ড করছে এই লোক ,তাকে 'রাজনৈতিক ভাঁড়' হিসেবে উল্লেখ্য করেন অনেকে ।