সিলেটটুডে ডেস্ক | ২৬ মে, ২০১৭
সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ না দেখা যাওয়ার কারণে শনিবার (২৭ মে) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে।
গালফ নিউজ ও আরব নিউজের খবরে এ কথা বলা হয়েছে।
সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের কোথায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আর এ কারণে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে শনিবার থেকে।
হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।
আর এ দিকে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ এবং রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর কথা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।