Sylhet Today 24 PRINT

সুন্দরবনের আগুন নেভেনি, বন বিভাগের তদন্ত কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ মে, ২০১৭

সুন্দরবনের নাংলী এলাকায় শুক্রবার সকাল ৮টার পর লাগা আগুন সন্ধ্যায়ও নিয়ন্ত্রণে আসেনি।

সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শুক্রবার বিকেলে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ।

বন বিভাগের ধারণা, অগ্নিকাণ্ডে এরই মধ্যে প্রায় চার একর বনভূমি গাছপালা (গুল্মজাতীয় লতাপাতা-গাছপালা) পুড়ে গেছে। শুধু ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় দুই একর বনভূমিজুড়ে। ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুই ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নেভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম তিন সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য করা হয়েছে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান, চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ঢাংমারী স্টেশন কর্মকর্তা মিজানুর রহমানকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.