Sylhet Today 24 PRINT

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সিলেটটুডে ডেস্ক  |  ২৮ মে, ২০১৭

গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে দুইজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাক্ষরের পর রোববার (২৮ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

এর আগে, গত ২ এপ্রিল রাজীব হায়দার হত্যা মামলায় দুইজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ওই হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপকে মৃত্যুদণ্ড দেয়। এর মধ্যে রানা পলাতক রয়েছেন। এ ছাড়া মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন, এহসান রেজা রুম্মান, নাফিজ ইমতিয়াজ ও নাইম শিকদারকে ১০ বছর এবং সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে দেওয়া হয় পাঁচ বছরের দণ্ড। রাহমানী ছাড়া বাকি সাত আসামি বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিম্ন আদালতের দেয়া রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার নথিপত্র পর্যালোচনায় উঠে এসেছে, এই মামলার মূল হোতা বা পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা। তার পরিকল্পনা অনুযায়ী আসামিরা দুই ভাগে বিভক্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.