Sylhet Today 24 PRINT

ব্যাংকে টাকা বেশি তো করও বেশি

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০১৭

২০১৭-১৮ অর্থবছরের বাজেটের প্রস্তাবনা অনুযায়ী ব্যাংকে বেশি টাকা রাখলে বেশি পরিমাণে করও দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এতদিন কোন একাউন্টে ২০ হাজার টাকা পর্যন্ত রাখা হলে সেক্ষেত্রে আবগারি শুল্ক আরোপ করা হতো না তবে এখন তা বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, কেউ ব্যাংকে এক লাখ টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে কোনো আবগারি শুল্ক কাটা হবে না।

তবে উল্লেখ রয়েছে যে, বছরের যে কোনো সময়ে একাউন্টে ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত রাখলে তার উপর ৮০০ টাকা আবগারি শুল্ক কাটা হবে যা আগের তুলনায় ৩০০ টাকা বেশি।

বাজেট প্রস্তাবনায় রয়েছে, ব্যাংকে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত রাখা হলে ওই হিসাবে আড়াই হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে যা আগের চেয়ে ১ হাজার টাকা বেশি।

এছাড়াও ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত রাখলে শুল্ক কাটা হবে ১২ হাজার টাকা যা আগের চেয়ে সাড়ে ৪ হাজার টাকা বেশি।

আর ৫ কোটি টাকার বেশি ব্যাংকে রাখলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে যা আগের চেয়ে ১০ হাজার টাকা বেশি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এট অল লেভেলস’ নীতি ও দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি উন্নতির ফলে ব্যাংকিং খাতে লেনদেনের আকার ক্রমবর্ধমান হারে বাড়ছে।

তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানোর জন্য এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট, ১৯৯৪ এ সংশোধনীর মাধ্যমে শুল্ক বৃদ্ধির এ প্রস্তাব করা হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.