নিউজ ডেস্ক | ১২ মে, ২০১৫
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। দুই মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ রয়েছেন।
বিএনপি সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন মেঘালয়ের কোনও এক জায়গায় আছেন। সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছে।
সূত্র আরও জানায়, হাসিনা আহমেদ এখন গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেছেন। এরপর তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে হয়তো আনুষ্ঠানিকভাবে সালাহ উদ্দিনের সন্ধান পাওয়ার বিষয়ে তিনি তথ্য জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ১৯ মার্চ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান না পাওয়ার গুজব ওঠেছিল। পরে ওই এলাকা অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কারোর সন্ধান পায়নি।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে কিছু ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে আসছেন তার পরিবারের সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন হাসিনা। এরপর ১২ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী হাসিনা আহমদ। গত ৯ এপ্রিল শুনানি শেষে ১৫ এপ্রিল এ সংক্রান্ত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত।
পরে এ বিষয়ে আরও তথ্য উপস্থাপন করতে চাইলে আদালত ২০ এপ্রিল শুনানির আদেশের দিন নির্ধারণ করেন। ওই দিন আগামী ছয় মাস সালাহ উদ্দিন আহমদের খোঁজ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। প্রতি মাসের শুরুতে এই অনুসন্ধান প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আদালতে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।