Sylhet Today 24 PRINT

ইফতারের ১১ মিনিট আগে আজান : বিটিভির ৩ জনের বিরুদ্ধে মামলা খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৭

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ইফতারের ১১ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠকের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (৪ জুন) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে আইনজীবী ড. এনামুল হক খান শিশির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি খারিজ করে দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বাদী শনিবার ইফতারের আগে পরিবারসহ বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে তিনি ইফতার করে ফেলেন। পরে ঘড়ি দেখে বিহ্বল হয়ে পড়েন তিনি।

ভুল সময়ে আজান দিয়ে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেন বাদী।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শনিবার ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আজান প্রচার করা হয়। তবে পরে এ বিষয়ে বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার করেনি। আজান শেষে হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে।

এ বিষয়ে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ সাংবাদিকদের বলেন, "১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের ইফতারের সঙ্গে ঢাকার সময়সূচি গুলিয়ে ফেলায় এটা হয়েছে। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.