নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০১৫
যুক্তি সম্পাদক, মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বড় ভাই নিহতের বড় ভাই রতেশ্বর দাশ মঙ্গলবার রাতে নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।
মামলার পর রাতে বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনার কথা জানিয়েছে পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীরা ঐ এলাকায়ই আছে বলেও ধারণা করছে তারা।
বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান বলেন- অজ্ঞাতনামা চারজনেকে এজাহারে আসামি করা হয়েছে। রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) নুরুল আলমকে এ মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, অনন্তের হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতভর অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। চারজন মুখোশধারী এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে আমরা জানতে পেরেছি। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।
অভিজিৎ রায় থেকে অনন্ত বিজয়; এই সময়ের মধ্যে মাত্র ৭৬ দিনের মধ্যে খুন হলেন তিন জন মুক্তমনা ব্লগার। হত্যার ধরণ একই, পেছন থেকে মাথায় আক্রমণ এবং কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর খুনিদের স্থানত্যাগ। অভিজিৎ হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ওয়াশিকুর বাবুর হত্যাকারীদের ধরিয়ে দিয়েছিলেন দুই ‘শিখণ্ডী’- এর বাইরে মামলাগুলোর কোন অগ্রগতি নেই।
হত্যাকাণ্ডের পরপরই আনসার বাংলা ৮ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অনন্ত বিজয় খুন হওয়ার এক ঘণ্টা পর সকাল ১০টা ২৬ মিনিটে আনসার বাংলা ৮ একটি টুইটে বলে, “আল্লাহু আকবার!!! বাংলাদেশে আরও একজনকে হত্যা করা হয়েছে। শিগগিরই আমাদের অপারেশন টিমের কাছ থেকে খবরটি নিশ্চিত করব আমরা।” তারও এক ঘণ্টা পর আরেকটি টুইটে বলা হয়, “আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা ১০০% নিরাপদ।”
এদিকে, লেখক অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেটে আধাবেলা হরতালের আহ্বান করেছে গণজাগরণ মঞ্চ সিলেট। এই হরতালে সমর্থন জানায় বাংলদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সিলেট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সিলেট, বাংলাদেশ যুব ইউনিয়ন, সিলেট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ ও শাবিপ্রবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট, নগরনাট সিলেট, মৃত্তিকায় মহাকাল। বুধবার সকালে হরতালের সমর্থনে নগরীতে মিছিল করেছে বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) সকাল নয়টার দিকে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মৌলবাদী জঙ্গিদের চাপাতির কোপে নিহত হন অনন্ত বিজয় দাশ।