Sylhet Today 24 PRINT

ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৭

শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে সোনা জব্দ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আগামীকাল রোববার থেকে যে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান দোলন। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কথা থাকলেও সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে বাজুস নেতারা সেখানে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন।

এনামুল হক খান দোলন বলেন, ‘আমরা ধর্মঘটে যাচ্ছি না। তবে আমরা সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চাই। এই নীতিমালা না হওয়া পর্যন্ত যাতে আমাদের হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার  আগরওয়াল এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন।

উল্লেখ্য, ‘আপন জুয়েলার্স ছাড়া অন্য সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও চোরাচালানের অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ শুল্ক গোয়েন্দা অধিদফতর প্রধানের এমন বক্তব্যে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুয়েলার্স ব্যবসায়ীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.