Sylhet Today 24 PRINT

ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের সময়

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৭

ফের পেছাল সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলায় র‌্যাবের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। এ নিয়ে ৪৭ বারের মতো তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই ধার্য করেছেন আদালত।

রোববার (১১ জুন) মামলাটির প্রতিবেদন দাখিলের দিনে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম নতুন এ দিন ধার্য করেন।

মামলাটিতে  নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ গ্রেপ্তার হয়েছেন। আসামিদের মধ্যে তানভীর জামিনে আছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.