Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদে অস্ত্র ও অর্থায়নের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৭

জঙ্গিবাদে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জিম টেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১১ জুন) কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার গভীর রাতে ইমরান আহমেদ ও তার গাড়িচালক মো. শামিমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান আহমেদ জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছেন। তিনি কেন্দ্রীয় দাওয়াবিষয়ক কমিটির শুরা সদস্য।

মুফতি মাহমুদ খান বলেন, আতিয়া মহলে অভিযানের আগে ‌সাজিদ নামের এক ব্যক্তি পালিয়ে যান। তিনি ঢাকায় এসে ইমরান আহমেদের মহাখালীর বাসায় আশ্রয় নিয়েছিলেন। সাজিদ জেএমবির নতুন আমিরের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। নতুন এই আমিরের নাম আবু মুহারিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাজিদ ছাড়াও জেএমবির শীর্ষস্থানীয় নেতাদের অনেককেই ইমরান তাঁর বাসায় আশ্রয় দিয়েছেন এবং অর্থ সাহায্য করেছেন বলে স্বীকার করেছেন। এই তালিকায় জুন্নুন শিকদারও আছেন। ধারণা করা হচ্ছে, জুন্নুন শিকদার সিরিয়ায় রয়েছেন। গত বছর র‍্যাবের অভিযানে আবদুল হাকিম গ্রেপ্তার হন। সম্প্রতি ইমরান আইনি সহযোগিতার জন্য আবদুল হাকিমের স্ত্রীকে দুই লাখ টাকা দিয়েছেন। অস্ত্র, গোলাবারুদ ও দাওয়াতি উপকরণ উদ্ধার হয়েছে ইমরানের কারখানা ও বাসা থেকে।

ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, জেএমবি এখন দাওয়াতি কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে বেশি। ইমরান গুলশান, বনানী ও মিরপুর এলাকায় জেএমবিতে সদস্য সংগ্রহের কাজ করতেন। এ ছাড়া দেশের ১০টি জেলায় দাওয়াতি কমর্কাণ্ড সমন্বয়ের কাজও তিনি করছিলেন বলে জানিয়েছেন।

র‍্যাব জানায়, গত এপ্রিলে ইমরান বগুড়ার সোনাতলার একটি বাড়িতে অনুষ্ঠিত বৈঠক থেকে এই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পান। ওই বাড়ির মালিক শায়খ এনামুল। বৈঠকে জেএমিবর ১০ সদস্যবিশিষ্ট একটি দাওয়াতি শুরা বোর্ড গঠন করা হয়। দাওয়াতি শুরা বোর্ডের আমির নির্বাচিত হন ঢাকার নন্দীপাড়ার কুরআন-সুন্নাহ একাডেমির শায়খ আরিফ এবং নায়েবে আমির নির্বাচিত হন শায়খ এনামুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.