Sylhet Today 24 PRINT

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে আরো কয়েকদিন

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৭

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপের কারণে রোববার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টি একই সাথে নিয়ে এসেছে স্বস্তি আর ভোগান্তি। প্রচণ্ড গরমে কাহিল জনজীবনে প্রয়োজন ছিল বৃষ্টির। সেই বৃষ্টির আবার ঢাকা, চট্রগ্রামসহ দেশের অনেক স্থানে সৃষ্টি করেছে জলাবদ্ধতা।

নিম্নচাপের প্রভাবে হওয়া এই বৃষ্টি আজ (সোমবার) সারাদিনসহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নিম্নচাপটি ক্রমেই উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপের ফলে রাজধানী ঢাকাতে বৃষ্টির মাত্রা ছিল অনেক বেশি। রাত থেকে অবিরাম ধারায় বৃষ্টি পড়তে থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। সবচেয়ে বেশি ভুগেছেন অফিসগামীরা। সোমবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টা শুধু ঢাকাতেই ২৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, নিম্নচাপের কারনে আজ সারাদিন কখনো একটানা আবার কখনো থেমে থেমে বৃষ্টি হবে। আগামীকাল এই অবস্থার পরবর্তন হতে পারে। নিম্নচাপের কারনে চট্রগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপের কারনে প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এসব অঞ্চলের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.