Sylhet Today 24 PRINT

ঝড়ো বাতাসে ডুবেছে দুটি লাইটারেজ জাহাজ, ২৮ নাবিক উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৭

নিম্নচাপের কারণে ঝড়ো বাতাসের মধ্যে তীব্র ঢেউয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্টের কাঁচামাল নিয়ে দুইটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে; উদ্ধার করা হয়েছে দুই জাহাজের ২৮ জন নাবিককে।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে জালিয়াপাড়া তীরবর্তী গভীর সমুদ্রে ‘হাজী কায়েস’ এবং দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিয়ারী উপকূলের দিকে গভীর সমুদ্রে ‘অলিম্পিক-টু’ নামের জাহাজ দুইটি ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম জানান, ‘হাজী কায়েস’ নামের জাহাজটি বহির্নোঙ্গর থেকে এক হাজার ৭০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে তীরের দিকে আসার পথে সাগরে ডুবে যায়। এ লাইটারেজটির মালিক মদিনা গ্রুপ।

অন্যদিকে ভাটিয়ারী তীরবর্তী গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করার সময় ‘অলিম্পিক-টু’ নামের জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম।

তিনি বলেন, প্রচণ্ড ঢেউয়ে জাহাজটি কাত হয়ে ডুবতে শুরু করে। পরে এটি তীরের দিকে আসতে চাইলেও ডুবে যায়। জাহাজটিতে প্রায় এক হাজার ২০০ মেট্রিক টনের মতো ক্লিংকার ছিল। এই জাহাজটির মালিক অলিম্পিক সিমেন্ট লিমিটেড।

এসময় ‘অলিম্পিক-টু’ জাহাজের ১৫ জন এবং ‘হাজী কায়েস’ জাহাজের ১৩ জন নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর ও লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.