Sylhet Today 24 PRINT

আরও ভারি বর্ষণ ও ভূমিধসের আশঙ্কা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৭

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার সারা দিন চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

বুধবার (১৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এদিকে, টানা বর্ষণে পাহাড়ে মৃত্যুর সংখ্যা এখনো বেড়েই চলেছে। তিন জেলায় এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রাঙামাটিতে চার সেনাসদস্যসহ ৯৬ জন, চট্টগ্রামে ২১ জন ও বান্দরবানে ৬ জন রয়েছেন।

এ ছাড়া পাহাড়ি ঢলের পানিতে ডুবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাঁচজন ও রাউজান উপজেলায় একজন এবং রাঙামাটির কাপ্তাই উপজেলায় একজন মারা গেছেন। চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় ঝড়ের সময় দেয়ালচাপা পড়ে একজন ও রাঙামাটির কাপ্তাই উপজেলায় গাছচাপা পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোররাত থেকে অভিযান চালিয়ে এসব লাশ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান এখনো চলছে।

বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের প্রভাবে গত রোববার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে। সোমবার এটি বাংলাদেশের উপকূল ও স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়ে মানুষ। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়। অনেক স্থানে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল। জলাবদ্ধতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.