সিলেটটুডে ডেস্ক | ১৭ জুন, ২০১৭
সাম্প্রতিক পাহাড়ধসের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে পাহাড়ে বাঙালি পুনর্বাসনে বিএনপিকে দায়ি করে দলটিকে দোষারোপ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় হয়েছে, দাবি করে তিনি বলেছেন, ‘বিএনপির আমলে ৪ লাখ মানুষকে পাহাড়ে ঢুকিয়ে পাহাড়ের ভারসাম্য নষ্ট করা হয়েছে। সে কারণেই সাম্প্রতিক সময়ে এমন বিপর্যয় নেমে এসেছে।’
শনিবার (১৭ জুন) বিকেলে ফেনীর মহীপালে নির্মাণাধীন একটি ওভারব্রিজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় নেমে এসেছে। তারা যে ৪ লাখ বাঙালিকে সেখানে পুনর্বাসন করেছিলো তাদের জন্য তারা (বিএনপি) সেখানে কিছুই করে নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা পাহাড়কে বিপন্ন করেছে। তাদের দীর্ঘদিনের উপেক্ষা ও অবহেলার পরিণতিতেই আজকের এই বিপর্যয়।’
গত সোমবার রাত থেকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাকায় দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পাহাড় ধসে রঙামাটিতে ১১০ জন, চট্টগ্রামে ২৩ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারের ২ জন ও খাগড়াছড়িতে ১ জনের প্রাণহানির তথ্য তাদের হাতে পৌঁছেছে। এছাড়া চট্টগ্রামে ঢলে ভেসে গিয়ে, গাছ ও দেয়ালচাপায় এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের।
বিএনপি নির্বাচনে না এলে ফের ধ্বংসের লীলা চালাবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি স্কুল-কলেজ ও সরকারি স্থাপনা পুড়িয়েছে। প্রতিহিংসার রাজনীতি করে বাস চালক, হেলপারসহ সাধারণ যাত্রীদের পুড়িয়ে মেরেছে। এখনও তারা অপরাজনীতির পথে রয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চান তারা (বিএনপি) নির্বাচনে আসুক, ইতিবাচক রাজনীতি শুরু করুক।’
এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ফ্লাইওভার নির্মাণ কাজে নিয়োজিত প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল আহমেদ জামিল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য সিং, জেলা প্রশাসক মনোজ কুমার রায়সহ প্রমুখ।