Sylhet Today 24 PRINT

পবিত্র শবে মেরাজ আজ

নিউজ ডেস্ক |  ১৬ মে, ২০১৫

আজ শনিবার পবিত্র শবে মেরাজ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারাদেশে পবিত্র শব-ই (লাইলাতুল) মেরাজ উদযাপিত হবে।

এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন মসজিদ ও অন্যান্য স্থানে আল্লাহর রহমত কামনায় বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মসজিদ ও ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করবেন।

মুসলামানরা প্রতি বছর আরবী মাস রজবের ২৭ তারিখে শবে মেরাজ উদযাপন করে থাকে।

৬২০ খ্রিস্টাব্দে ২৬ রজব দিবাগত রাতে মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্যে মেরাজ গমন করেন। এ সময় হজরত আদম (আ.) ও উল্লেখযোগ্য নবীগণের সঙ্গে নবীজীর সালাম ও কুশলাদি বিনিময় হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন।

এ পর্যন্ত হজরত জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন। সেখান থেকে তিনি একা রফরফ নামক বিশেষ বাহনে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন। একই সময়ে মহানবী (সা.) সৃষ্টি জগতের সবকিছুর রহস্য অবলোকন করেন।

আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে আরোহণ বা গমন। মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের এক নম্বর আয়াতে বলা হয়েছে- ‘তিনি পরম পবিত্র ও মহিমাময়, যিনি রাত্রিযোগে স্বীয় বান্দাকে মসজিদুল হারাম (সম্মানিত মসজিদ) থেকে মসজিদুল আকসা (দূরবর্তী মসজিদ) পর্যন্ত নিয়ে গেলেন। যার চারদিকে আমি বরকতমণ্ডিত করেছি। যেন আমি আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।’ 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল দিনভর রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মেরাজ পালন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপনে জাতীয় সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে। টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

 ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ মাগরিব বায়তুল মোকাররম মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। ওয়াজ পেশ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এবং ঢাকার মিরপুরস্থ জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুযযামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.