Sylhet Today 24 PRINT

চাঁপাইনবাবগঞ্জে ‘শেখ হাসিনা’ সেতুর উদ্বোধন

নিউজ ডেস্ক |  ১৬ মে, ২০১৫

মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ মে) বেলা ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে।

এরপরই তিনি সরাসরি চলে সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতু (শেখ হাসিনা) উদ্বোধন করতে। দুপুর পৌনে একটার দিকে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়বারের এই সফরে আরও ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। প্রায় ৬শ’ কোটি টাকার এসব প্রকল্পের কয়েকটির কাজ শেষ হয়েছে, আর কয়েকটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। 

সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে যুব প্রশিক্ষণ কেন্দ্র, বীনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবনসহ বিভিন্ন কলেজের ভবনসহ প্রায় ৩শ’ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করবেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে আধুনিক হাসপাতাল ভবন হিসেবে তৈরির জন্য আড়াইশ’ শয্যায় উন্নীতকরণ, কানসাট-রহনপুর-ভোলাহাট সড়ক উন্নয়ন, চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও পদ্মানদীর ভাঙন থেকে আলাতুলী রক্ষা প্রকল্পের পদ্মাতীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ২৮০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। 

একই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.