সিলেটটুডে ডেস্ক | ৩০ জুন, ২০১৭
রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পূর্ণ হচ্ছে শনিবার (১ জুলাই)। এ উপলক্ষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের লক্ষে চার ঘণ্টার জন্য উন্মুক্ত রাখা হবে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে অবস্থিত ভবনের ফটক।
ভবনটি শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে।
শ্রদ্ধা নিবেদনের জন্য ভবনের সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি বেদি তৈরি করা হয়েছে। এখানেই শ্রদ্ধা নিবেদন করবেন আগতরা।
গত বছরের ১ জুলাই রাতে ওই বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক প্রাণ হারান। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি, একজন ভারতীয়, ৯ জন ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক ছিলেন। প্রায় ১২ ঘণ্টার ওই ‘জিম্মি সংকট’ শেষ হয় পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ এর মধ্য দিয়ে।
কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। নিহত জঙ্গিরা হল- নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল ওরফে বিকাশ।
হামলার পর ওই ভবনটি দীর্ঘদিন পুলিশের তত্বাবধানে ছিল। পরে গত ১৩ নভেম্বর মালিককে বাড়িটির দায়িত্ব বুঝিয়ে দেয় পুলিশ। গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের বাড়িটির ধ্বংসস্তূপ সরিয়ে নিজেদের থাকার জন্য গোছগাছ করা হচ্ছে।
অন্যদিকে, স্থান পরিবর্তন করে গুলশান এভিনিউয়ের র্যাংগস আর্কেডের দ্বিতীয় তলায় স্বল্প পরিসরে আবার চালু করা হয়েছে হলি আর্টিজান বেকারি।