সিলেটটুডে ডেস্ক | ০১ জুলাই, ২০১৭
বড়লেখায় গত ১৭ জুনের টিলা ধস
সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের ফলে সিলেট ও চট্টগ্রামে পাহাড় ও টিলা ধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে বিহার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।
গত ১২ জুন রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে দেড় শতাধিক মানুষ নিহত হন। গৃহহারা হন কয়েক হাজার মানুষ। এরপর গত ১৭ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে টিলা ধসে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামের আছিয়া বেগম (৪০) ও তাঁর মেয়ে ফাহমিদা জান্নাত পলি (১১) নিহত হন। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা যায় দুই শিশু রাকিব হাসান ও সুমাইয়া আক্তার বৃষ্টি।