Sylhet Today 24 PRINT

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের স্বজনরা পাচ্ছে অর্থসহায়তা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৭

মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার আট লাখ টাকা করে পাবেন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি আরো জানান, এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার বিমার খাত থেকে দুই লাখ এবং শ্রম মন্ত্রণালয় থেকে অনুদান বাবদ আরো তিন লাখ অর্থাৎ মোট পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে কারখানার পক্ষ থেকে তিন লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া হতাহতদের পরিবারের কোনো সদস্য কারখানায় চাকরি করতে চাইলে তাদের চাকরি দেওয়া হবে।

এদিকে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতদের দাফন ও লাশ বহনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানায় সোমবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানার চারতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রপাতি উড়ে যায় এবং দুমড়েমুচড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।

পরে ওই ঘটনার উদ্ধার অভিযানে মঙ্গলবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া ১০ জনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.