Sylhet Today 24 PRINT

দুর্গা পূজায় ৩ দিন ছুটি চায় হিন্দু ধর্মাবলম্বীরা

নিউজ ডেস্ক |  ১৭ মে, ২০১৫

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সারদীয় দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ অনুরোধ জানান।

তিনি লিখিত বক্তবে বলেন- ‘এ উৎসব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। অন্যান্য ধর্মীয় উৎসবে এ দেশে ছুটি ঘোষণা করা হয় কিন্তু আমাদের এ উৎসবে তেমন ছুটি থাকে না। ফলে আমরা তা ভালো করে পালনও করতে পারি না।’

তিনি বলেন- ‘দুর্গা পূজায় তিন দিনের ছুটি ঘোষণা করে সংবিধানে সমঅধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। পাশাপাশি কারণে-অকারণে নির্যাতন আতঙ্কগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে ভালো করে উৎসব পালন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।’

এসময় তিনি জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুণঃপ্রতিষ্ঠা এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তাতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রীরও দাবি করেন।

এসব দাবি আগামী ২৫ মে এর মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেয়ার অনুরোধ করেন গোবিন্দ চন্দ্র। পাশাপাশি দাবি আদায় না হলে ২৬ মে তারা প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে স্মারকলিপি প্রদান করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে, উপদেষ্টা সুকুমার সরকার, সিনিয়র সহ-সভাপতি সুকৃতি মণ্ডল, যুগ্ম-মহাসচিব ডা. এম কে রায়, মানিক চন্দ্র সরকার, অধ্যাপক আনন্দ বিশ্বাস, অফিস সম্পাদক বিজয় ভট্টচার্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.