Sylhet Today 24 PRINT

ফরহাদ মজহার উদ্ধারে প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৭

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে ‘দ্রুত উদ্ধারে ভূমিকা রাখায়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির চার নেতা বুধবার এক বিবৃতিতে এই বিষয়টিতে ‘ত্বরিত কার্যকর পদক্ষেপ নেওয়ায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকেও ধন্যবাদ দেওয়া হয়।

বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মুফতি ফয়জুল্লাহ ও মুঈনুদ্দিন রুহী।

ফরহাদ মজহার গত সোমবার ভোরে ঢাকার বাড়ি থেকে বের হওয়ার অপহৃত হন বলে থানায় অভিযোগ করে তার পরিবার। ১৮ ঘণ্টা পর যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করে র‌্যাব ও পুলিশ।

হেফাজতে ইসলামের বিবৃতিতে বলা হয়, “দেশের এক নগন্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।”

বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “স্বাধীন-সার্বভৌম শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সকল ধরণের হস্তক্ষেপ ও অন্যায় আবদার সাহসিকতার সাথে রুখে দাঁড়ান।

“হেফাজতে ইসলামসহ দেশপ্রেমিক সকল নাগরিক আপনার এমন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.