Sylhet Today 24 PRINT

শাফাতসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৭

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে ১৩ জুলাই। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ঠিক করা হয়েছে।

রোববার (৯ জুলাই) বেলা ১১টার কিছু পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক শফিউল আজম এই দিন ঠিক করেন। এর আগে আসামিপক্ষ থেকে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়।

শুনানির সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় পাঁচ আসামিকে।

গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে শাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় তারা বনানী থানায় ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে শাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি।

অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৪৭ জনকে।

অভিযুক্ত পাঁচজন হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.